অক্টোবর ২৬, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামের আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত শনি ও রবিবারে কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) এবং একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করেন। এরপর রাতে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার পপুলার হাসপাতালে মনোতোষ হালদার এবং রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যান।
নিহত কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তারা খাগবাড়ী গ্রামে ডেকোরেটরের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তারা মদ্যপান করার পর অসুস্থ হয়ে পড়েন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
মনোতোষের ভাই উত্তম হালদার জানান, তার ভাই পূজার কাজে গিয়ে তরল জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় চার-পাঁচজন তরুণ কিছু একটা পান করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। একজন এখনো চিকিৎসাধীন এবং আরেকজন নিখোঁজ রয়েছে বলে শুনেছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
