ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট পাঠানো হলেও এর মধ্যে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
