জামালপুরের সরিষাবাড়ীতে বাড়িঘর বাইরে থেকে তালাবদ্ধ করে ধারালো অস্ত্রের মুখে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গরুর মালিকসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতদল একটি গরু ফেলে রেখে বাকি দুটি গরু নিয়ে পালিয়ে যায়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের উত্তরপাড়ায় কৃষক ঈমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গরুর মালিক ঈমান আলী (৫০), সেলিম রেজা (২৮), রঞ্জু মিয়া (৩৫), সিয়াম (২৫) ও সজিব (২০)। গুরুতর আহত ঈমান আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত ঈমান আলীর বাড়িতে প্রবেশ করে বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে ফিজিয়ান জাতের তিনটি গরু বের করে পিকআপে তুলে পালানোর চেষ্টা করে।
এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে মোটরসাইকেলে ডাকাতদের ধাওয়া করেন। পথিমধ্যে রায়দেরপাড়া এলাকায় ডাকাতরা ঈমান আলীকে রামদা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে।
পরে অন্যরা ধাওয়া করে একটি গরু উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে একটি রামদা জব্দ করেন। এ সময় ডাকাতদের হামলায় আরও চারজন আহত হন। পরে ডাকাতদল বাকি দুটি গরু নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সরিষাবাড়ীতে গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় উদ্বেগ ও আতঙ্কে রাত কাটাচ্ছেন গরুর মালিকেরা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএন/এসএ
