উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই নারী কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খাতুন। প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন- শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।