সুন্দরবনে দস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সুন্দরবনে দস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবনসংলগ্ন আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় দস্যু ‘দাদা ভাই বাহিনী’ কয়েকজন জেলেকে মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন কয়রা ও দোবেকীর সদস্যরা সেখানে অভিযান চালান।
অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে জিম্মি জেলেদের ফেলে দস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) এবং খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
