ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন এবং অনলাইন জালিয়াতি প্রতিরোধে আলোচনা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৮:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের পুনর্বাসন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসুদা মাকসুদির সৌজন্য সাক্ষাৎ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের টেকসই পুনর্বাসন এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে সংঘটিত মানব পাচার দমনে সহযোগিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসুদা মাকসুদি (Maqsoda Maqsodi)।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) ও মানব পাচার প্রতিরোধ তহবিল কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ-সংক্রান্ত বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম ও নতুন প্রকল্পের অনুমোদন দ্রুত সম্পন্ন করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বৈদেশিক কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাইবার স্পেস ও ভুয়া অনলাইন চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতি এবং মানব পাচারের ঘটনায় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মাকসুদা মাকসুদি বলেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে পেরে উইনরক ইন্টারন্যাশনাল সন্তুষ্ট। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং ২০২৬-২০৩০ মেয়াদের আসন্ন জাতীয় কর্মপরিকল্পনা (এনপিএ) বাস্তবায়নে উইনরকের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর দীপ্ত রক্ষিত ও নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

