চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।
এ উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে আশা করছে বিজিবি। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়তে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি; সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম; শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান; মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ; স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদবির সদস্যরা।
এই বাংলা/এমএস
