Published on
:
2 min read
আগামী মাসেই ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা। তার আগেই রাশিয়ায় আক্রমণের ঝাঁজ বাড়াল ইউক্রেন। দিন কয়েক আগেই হামলা চালানো হয়েছে রাশিয়ার ডেটা সেন্টারে। এ বার হামলা হয়েছে রাশিয়ার ভরোনেজ় (Voronezh)-এ। সেখানে ড্রোন হামলায় নিহত হয়েছেন ২ জন। এই হামলায় আহত হয়েছেন ১৭ জন। আহতদের মধ্যে অনেকেই ট্রেনের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর আলেকজেন্ডার গুসেভ।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, সোমবার আলেকজেন্ডার গুসেভ (Alexander Gusev) টেলিগ্রামে জানিয়েছেন, রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ভরোনেজ় অঞ্চলে ড্রোন হামলা হয়। হামলায় দু’জন নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন। তাঁর দাবি, ড্রোন থেকে খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রেন। তাতে আহত হয়েছেন কয়েক জন যাত্রী।
আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর বলেও জানিয়েছেন আলেকজেন্ডার গুসেভ। তবে কোথায় দু’জন মারা গিয়েছেন তা নির্দিষ্ট করে জানাননি তিনি। ইউক্রেনের এই বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যবসায়িক কেন্দ্রে এবং একটি আবাসিক ভবনে আগুন লেগে যায় বলেও জানিয়েছেন আধিকারিকরা।
এই হামলার জেরে মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভরোনেজ় স্টেট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ‘ডিস্ট্যান্স লার্নিং’ পদ্ধতিতে ক্লাস নেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা টাস (TASS)।
এর আগেও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা যুদ্ধ থামাতে একাধিক বৈঠক হয়। দুই দেশের প্রেসিডেন্টদের নিয়ে আলাদাভাবে বৈঠকও করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে সমাধানসূত্র বেরোয়নি।
আগামী আসে প্রথম দিকে, আবুধাবিতে এই তিন দেশকে নিয়ে একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার পরই মূলত থমকে থাকা এই আলোচনা আবার চালু করার সিদ্ধান্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও দ্রুত আলোচনার টেবিলে ফিরতে আগ্রহ দেখিয়েছেন বলে সূত্রের খবর।
