ব্রিজেন্দ্র পাল সিং যাঁকে ইন্ডাস্ট্রিতে সকলে বিপি সিং বলেই চেনেন তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৭৫ বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। বলিউড ইন্ডাস্ট্রিকে একাধিক কালজয়ী প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য 'সিআইডি', 'আহাট', ইত্যাদি।
মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সিআইডির দয়া ওরফে দয়ানন্দ শেঠি বলেন, 'বিপি সিংয়ের আর অন্য কোনও জীবন ছিল না। উনি কেবল কন্টেন্ট বানাতেন। উনি কাজ অন্ত প্রাণ ছিলেন। খুব মন দিয়ে নিজের কাজটা করতেন। আমাদের অন্যতম সেরা ক্যামেরাম্যান ছিলেন তিনি।'
দয়া এদিন আরও জানান, 'উনি বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। আজ সকালে আর ওঁর ঘুম ভাঙেনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ১৯৯৮ সালে শুরু হয় সিআইডির পথ চলা। টানা ১০ বছর চলেছিল এই শো। এছাড়া তিনি ভারতীয় অন্যতম ভৌতিক শো 'আহাট' -এর নির্মাতা ছিলেন। তিনি এফটিআইআইয়ের ছাত্র ছিলেন।
তবে এদিন শেষকৃত্য সম্পন্ন হবে না বিপি সিংয়ের। তাহলে? ২৮ অক্টোবর হবে। এদিন তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন অশোক পণ্ডিত। বিপি সিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রয়াত হন তিনি। তবে ২৮ অক্টোবর কোথায়, কখন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সেটা এখনও জানানো হয়নি।
https://youtu.be/__ySvPHk1zA?si=s5s4F2gUdwbsfjO_
