ইসরায়েলের নির্বাচনকে ঘিরে ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদী হওয়ার মতো জোরালো কোনো কারণ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির আশঙ্কা, নির্বাচনের ডামাডোলে ফিলিস্তিনিদের ওপর চলমান অপরাধ ও নিপীড়নের বিষয়টি থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যেতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এরিকা গুয়েভারা রোসাস নির্বাচনী প্রচারণায় ফিলিস্তিনবিরোধী মনোভাব ব্যবহারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রার্থীরা নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বেপরোয়াভাবে ফিলিস্তিনবিরোধী অবস্থান নিয়েছেন। এমনকি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনবিরোধী অপরাধ আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন তাঁরা।
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক এবং উগ্র বামপন্থী বালদ দলের প্রধান সামি আবু শাহেদেহকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার প্রচেষ্টাকে রাজনৈতিক দল ও প্রার্থীদের বৈরী মনোভাবের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে সংস্থাটি। তাঁকে নির্বাচন থেকে বাদ দিতে বিভিন্ন দলের প্রার্থীরা সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছেন।
এ পরিস্থিতিতে ইসরায়েলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে—এমন দেশগুলোর প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির এরিকা গুয়েভারা রোসাস নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় চাপ প্রয়োগের মাধ্যমে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জোর দাবি জানিয়েছেন।
এমএ
