স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরা কোচ ফুয়েন্তে, ইতিহাস গড়লেন বার্সেলোনার রোমেউ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন স্পেনের লুইস ডে লা ফুয়েন্তে ও বার্সেলোনা নারী দলের পেরে রোমেউ। স্পেনকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতি পেয়েছেন ফুয়েন্তে। অন্যদিকে, বার্সেলোনাকে সম্ভাব্য সব শিরোপা জেতানোর পাশাপাশি ইতিহাস গড়েছেন রোমেউ।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হন ডে লা ফুয়েন্তে। মিকেল আর্তেতা, লুইস এনরিকে, উনাই এমেরি ও ভিনসেন্ট কোম্পানিকে পেছনে ফেলেছেন তিনি। স্পেনকে ২০২৬ বিশ্বকাপ জেতানোর পাশাপাশি তার অধীনে দলটি ২০২৩ সালে নেশনস লিগ এবং ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জেতানোয় কোচ হিসেবে তার অবদান আরও একবার স্বীকৃতি পেল।
নারী বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তার অধীনে গত মৌসুমে লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা কাতালুনিয়ার পাশাপাশি নারী চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে বার্সেলোনা। ফাইনালে ফরাসি ক্লাব ওএল লিওনেসকে ৪-০ গোলে হারিয়ে ইউরোপসেরা হয় দলটি। তার হাত ধরে বার্সেলোনা নারী দল ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
এই পুরস্কার জিতে নতুন ইতিহাসও গড়েছেন রোমেউ। বার্সেলোনার নারী কিংবা পুরুষ দলের কোনো কোচ এর আগে ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের স্বীকৃতি পাননি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
