বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
