রাজশাহীর দুর্গাপুরে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সুকুমার নামে এক ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার উপস্থিত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজানখলসী শেখের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা সারের মধ্যে ১০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার রয়েছে।
একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সারগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানচালকসহ গাড়িটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সার জব্দ করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভ্যানচালককে জরিমানা করেন। ভ্যানচালক সুকুমার উপজেলার বেলঘরিয়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
তার দাবি, অপরিচিত এক যুবক দুর্গাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে তাহেরপুর বাজারের তিন রাস্তার মোড় পর্যন্ত ২০ বস্তা সার পৌঁছে দেওয়ার জন্য তার ভ্যান ভাড়া করেছিলেন। উজানখলসী শেখের মোড়ে পৌঁছালে স্থানীয় যুবক জুয়েল খায়রুলসহ কয়েকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। স্থানীয় কৃষক আবুল কালাম বলেন, কৃষকেরা প্রয়োজনমতো সার পাচ্ছেন না।
এ অবস্থায় সার অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা উদ্বেগজনক। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো. আব্দুল মজিদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের অভিযান চলবে।
বিআলো/আমিনা