কয়েক সপ্তাহ ধরে সোশাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুর্নিবার সাহা ও সৃজলা গুহ। প্রথমদিকে তাঁদের সর্বদা একসঙ্গে দেখা গেলেও গুঞ্জন শুরু হতেই দূরত্ব বাড়িয়েছেন তাঁরা। যদিও তাতেও আলোচনায় ইতি ঘটেনি। কিন্তু সত্যিই কি প্রেমে মজেছেন তাঁরা? কী ভাবছেন দুর্গের সদস্যরা? যারা সর্বক্ষণ সামনে থেকে দেখেছেন দুর্নিবার-সৃজলাকে। দুর্গ থেকে বেরিয়েই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভরত কল।
ভরত কল বলেন, “দুর্নিবার ও সৃজলার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। সৃজলা বারবার দুর্নিবারকে দাদা এবং নিজেকে বোন বলেই সম্বোধন করেছে। খেলার জন্য অনেকেই অনেকরকম সমীকরণ তৈরির চেষ্টা করেন, তবে তার মানেই প্রেম নয়।”
বিগ বস বাংলা শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই চর্চায় সৃজলা ও দুর্নিবারের রসায়ন। যে কোনও ইস্যুতে তাঁদের একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। একসঙ্গে বসে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছেন। যা নিয়ে প্রবল চর্চা হয়েছে নেটদুনিয়ায়। বিষয়টা দুর্গের অন্য প্রতিযোগীদেরও নজর এড়ায়নি। ঝিলম ও নিরঞ্জন সরাসরি এনিয়ে প্রশ্ন করেছিল দুর্নিবারকে। পরবর্তীকালে সোনামণির মারফত জানা যায়, সৃজলা নাকি দাবি করেছে দুর্নিবার মাইক খুলে তাঁকে ‘আই লাইক ইউ’ বলেছে। এই কথা জানার পর থেকেই দুর্নিবার খুব সুন্দর করে এড়িয়ে যাচ্ছে সৃজলাকে। তবে তাতেও গুঞ্জন থামেনি।
রবিবার ভরত কল দুর্গ থেকে বেরনোর পর স্বাভাবিকভাবেই তাঁকেও দুর্নিবার-সৃজলার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জবাবে অভিনেতা বলেন, “দুর্নিবার ও সৃজলার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। সৃজলা বারবার দুর্নিবারকে দাদা এবং নিজেকে বোন বলেই সম্বোধন করেছে। খেলার জন্য অনেকেই অনেকরকম সমীকরণ তৈরির চেষ্টা করেন, তবে তার মানেই প্রেম নয়।” তবে সৃজলার আচরণ নিয়ে বেশ কিছু অভাব অভিযোগ করেছেন ভরত। দুর্গের ভিতরে একাধিকবার সৃজলাকে মিথ্যেবাদী বলেছেন ভরত। বেরিয়েও একই কথাই বললেন তিনি।
