এল ক্লাসিকোর উত্তাপের মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর প্রাক্তন প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকা আবারও সম্পর্কে ফিরলেন পুরনো প্রেমিক জে ফেলিপের সঙ্গে। শুধু পুরনো প্রেমিক নন, জে ফেলিপে ভার্জিনিয়ার তিন সন্তানের বাবাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট করে নিজেদের পুনর্মিলনের খবর জানিয়েছেন ভার্জিনিয়া ও জে ফেলিপে। সেখানে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, তাঁদের ভালোবাসা কখনও শেষ হয়নি। কিছু সময় আলাদা থাকার পর ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।
২০২০ সালে সম্পর্কে জড়ান ভার্জিনিয়া ও জে ফেলিপে। ২০২১ সালের ২৬ মার্চ বিয়ে করেন তাঁরা। তাঁদের তিন সন্তান মারিয়া আলিস, মারিয়া ফ্লোর এবং হোসে লিওনার্দো। দীর্ঘদিন সংসার করার পর ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
এরপরই রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কে জড়ান ভার্জিনিয়া। তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল। তবে সেই সম্পর্কেও শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এবার প্রাক্তন স্বামী জে ফেলিপের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করার ঘোষণা দিলেন ভার্জিনিয়া।
পুনর্মিলনের পোস্টে ভার্জিনিয়ার হাতে একটি আংটি দেখা যাওয়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। যদিও আংটিটির তাৎপর্য নিয়ে কিছু জানাননি তাঁরা।
এদিকে, নিষেধাজ্ঞার কারণে এল ক্লাসিকোতে খেলতে পারেননি ভিনিসিয়ুস। সেই ম্যাচের আগেই তাঁর প্রাক্তন প্রেমিকার জীবনে পুরনো প্রেমের প্রত্যাবর্তন নতুন করে আলোচনায় উঠে এসেছে।
