কালবেলা · খেলাধুলা
এবার সামনে এলো ব্যালন ডি’অরের মঞ্চে মেসির না থাকার আসল কারণ
২৭/১০/২০২৬

লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রোনালদো নাজারিও, থিয়েরি অঁরি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল—আরও অনেক তারকাই ছিলেন। কিন্তু যে ব্যালন ডি’অরের পুরস্কার সর্বোচ্চ আটবার জিতেছেন লিওনেল মেসি, তাকে গতকাল দেখা যায়নি মর্যাদাপূর্ণ পুরস্কারের এই অনুষ্ঠানে। ভক্ত-সমর্থকেরা লন্ডনের তারা ঝলমলে রাতে মেসি নামের তারা দেখার অপেক্ষায় থাকলেও সেই আশা পূরণ হয়নি।
মেসির ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে অনুপস্থিত থাকার বেশ কিছু কারণ রয়েছে। যার মধ্যে ইন্টার মায়ামির ব্যস্ত সূচি অন্যতম এক কারণ। পরশু এফসি সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ খেলতে নামবে ইন্টার মায়ামি। মায়ামি থেকে লন্ডনে উড়াল দিয়ে আবার মায়ামিতে ফেরা—১৪ হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রার ধকল সামলে মাঠে নামা চাট্টিখানি কথা নয়।
ইন্টার মায়ামি সবশেষ খেলেছে গত পরশু এমএলএসে রেড বুল নিউইয়র্কের বিপক্ষে। এই ম্যাচে তাঁকে নামানো হয়েছে ৫৫ মিনিটে। স্পেনের ওভিয়েদো থেকে মায়ামির দীর্ঘ যাত্রার ধকল কাটাতেই মূলত বদলি হিসেবে নামানো হয় বলে রেড বুল নিউইয়র্ক ম্যাচ শেষে উল্লেখ করেন ইন্টার মায়ামি কোচ কিলি গঞ্জালেস। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণ করতে মেসি সম্প্রতি ওভিয়েদোতে যান।
এমএলএসে দুই ম্যাচের মাঝে লন্ডনে যাতায়াত করলে মেসির বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ থাকত না। তাছাড়া তার ব্যালন ডি’অরে না থাকার আরেক কারণ হলো নিজস্ব অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা মেসি কাপের আয়োজন করছেন। আন্তর্জাতিক পর্যায়ের এই যুব ফুটবল প্রতিযোগিতাটি এবার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ বছরের ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ইন্টার মায়ামি স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট।
রেড বুল নিউইয়র্কের বিপক্ষে পরশু এমএলএসে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে মায়ামি। মেসির দল ১৭ ম্যাচ জিতেছে। ড্র করেছে চার ম্যাচ ও হেরেছে ১০ ম্যাচ। সমান ৫৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে নিউ ইংল্যান্ড। ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। প্রত্যেকেই ৩১টি করে ম্যাচ খেলেছে।
মূল প্রতিবেদনে যান ↗