ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে।
প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল। এসব ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এ বিষয়ে তিনি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মাত্র একদিন পর ৯ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে এ চিঠি জারি করে স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২৪ অক্টোবর ২০০৪ তারিখের পরিপত্রের শর্ত অনুযায়ী প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের সুপারিশের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা গঠনের এ প্রস্তাব বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসতে পারে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
The post রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
