বন্ধুত্বের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে সে কথা এদিন আরও একবার মনে করিয়ে দিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। ২০২৩ সালে খুব কাছের বন্ধু তথা অভিনেতা সতীশ কুমারকে হারিয়েছিলেন তিনি। প্রিয় বন্ধুর মৃত্যুশোক আজও কাটিয়ে উঠতে পারেননি অভিনেতাও।
সম্প্রতি অনিল কাপুরের জনপ্রিয় শো 'ইন্ডিয়াকে টপ ১%'-এ হাজির হয়েছিলেন কাপুর গগন নামে এক প্রতিযোগী। যার মুখের সঙ্গে বিরাট মিল রয়েছে প্রয়াত সতীশ কুমারের। অবিকল বন্ধুর মতো দেখতে গগনকে সামনে দেখে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনিল কাপুর। তাঁদের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সতীশের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর ছিল সেকথা বলতে গিয়ে অভিনেতার মনে এদিন একে একে ভিড় করে আসে একসঙ্গে কাটানো নানান মুহূর্তের কথা। রিয়্যালিটি শোয়ের মঞ্চে ধরা গলায় অনিল কাপুর বললেন, "সতীশের সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল তা আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের গল্প বলার জন্য যদি এই শোয়ের ৭০ মিনিট সময়ও দেওয়া হয়, তাহলে সেটাও যথেষ্ট নয়। সতীশ আমার প্রিয় বন্ধু ছিলেন। তাঁর মধ্যে ছিল অসাধারণ প্রতিভা এবং তাঁর কৌতুকবোধ ছিল অসাধারণ।"
সতীশ কুমার প্রসঙ্গে অভিনেতা আরও জানিয়েছেন, "কেউ যদি আমার যমজ ভাই হতে পারতেন তাহলে সে শুধু সতীশ ছিলেন। আমার ব্যাপারে সবকিছু জানতেন। আমার রাগ, খুশি থেকে শুরু মনের প্রতিটি অনুভূতি খুব ভালো করে জানতেন।" আসলে তাঁদের এই বোঝাপড়াটাই তাঁদের সম্পর্কটাকে এত গভীর করেছিল।
অভিনয় জগতের হাত ধরেই বন্ধুত্ব শুরু হয়েছিল তাঁদের। প্রসঙ্গত ১৯৮৭ সালের জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’-য় ক্যালেন্ডার চরিত্রে অভিনয় করেছিলেন সতীশ। এই চরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক।
https://youtu.be/ixVZIaFsQVc?si=gajBFGmz_7rF59uz
২০২৩ সালে মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত হন সতীশ কৌশিক। তিনি ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছিলেন তিনি।অভিনয় জগতের চার দশক কাটানোর পর ২০১৯ সালে হরিয়ানভি সিনেমার জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
