জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৩২ মিনিটে টোকিওর ‘কান্তেই’ নামে পরিচিত কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, কার্যালয়ে পৌঁছানোর পর তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গার্ড পরিদর্শন করেন।
সকাল ১১টা ৪৫ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন দুই প্রধানমন্ত্রী। পরে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
চার দিনের সরকারি সফরে গত সোমবার জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
