জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দুই পদেই তার ভারপ্রাপ্ত দায়িত্বের অবসান হলো।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, অবসরে যাওয়ার আগে তাকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে মো. আহসান হাবিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, মো. আহসান হাবিব বিসিএস ১৫তম ব্যাচের কর ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার কর অঞ্চল-১, ২, ৩, ৭, ৮ ও ১৫ ছাড়াও খুলনা ও রংপুর কর অঞ্চল, খুলনা ও রাজশাহী কর আপিল অঞ্চল এবং কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
