চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের মো. হারুনের ছেলে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গত ২০ অক্টোবরের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএইচআর
