লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর ঘটনায় বহিস্কৃত ছাত্রদলনেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে ও দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলকে পেটানোর ঘটনায় গতকাল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল ফোন বিক্রি নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় গত রোববার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করে। এ সময় তাকে লাঠিসোটা নিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা হয়। এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিসহ হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তখন অভিযুক্ত ব্যক্তিরা হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করে। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
