দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৪০ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬৩ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১।
এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯১ হাজার ৯০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
