চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শাহ আলম। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি হাসানকে ধরে নিয়ে যান। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হলে মরদেহ গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে ওই যুবককে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
সানা/আপ্র/২৭/১০/২০২৬
