কালবেলা · সাধারণ
পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, গাড়ি ফেলে পালালো চালক
10/27/2026

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় পাচারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকায় স্থানীয়রা সারবোঝাই গাড়িটি আটক করেন। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের অভিযোগ, কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। অনেক সময় বাড়তি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে। অথচ উপজেলার কিছু ডিলার কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্য উপজেলায় বিক্রি করে দিচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কৃষক মজিবুর রহমান অভিযোগ করে বলেন, মোজাফরপুর বাজারের হোসাইন নামের এক ডিলার এসব সার অন্য উপজেলায় পাচারের সঙ্গে জড়িত।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মূল প্রতিবেদনে যান ↗