নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় এমপি আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন এসআই আমির হোসেন।
এর আগে গতকাল সোমবার রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
এদিকে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করে ঘটনার জন্য মিন্টুকে দায়ী করেন। তার পরিবারে শুরু হয় আহাজারি। বিলাপ করতে থাকেন তার স্ত্রী হাফসা।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা যান তিনি।
