দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির শক্তিশালী অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বহুবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। অনেক নেতাকর্মীকে মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও দায়িত্ব থেকে পিছিয়ে যাননি বলে মন্তব্য করেন রিজভী।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে রাজনীতির কথা তুলে ধরেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন, পুনর্গঠন এবং মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে সংগঠনটি কাজ করবে বলেও জানান তিনি।
যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে সংগঠনের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাঁদের নেতৃত্ব ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
