চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, চরভৈরবী মাছঘাটসংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
এ ছাড়া একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. নজরুল ইসলাম জানান, জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
