চট্টগ্রাম নগরের চটেশ্বরী রোডের কসমোপলিটান হাসপাতালে ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ বছর বয়সী নাজিফা কানিজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে তার পরিবার।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নাজিফার মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিউল হাসান প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা।
তারা নাজিফার মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। নাজিফার স্বামী মোহাম্মদ জাবেদের অভিযোগ, তার স্ত্রীকে রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হতে হয়।
কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বলে দাবি করেন তিনি। জাবেদ বলেন, আমার ছোট ছোট সন্তানদের এত অল্প বয়সেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো।
নাজিফার বাবা জাফর ইকবাল রিটনও চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। তার ভাষ্য, মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তারা বারবার চিকিৎসকদের ডেকেও সময়মতো সাড়া পাননি।
চিকিৎসায় অবহেলার কারণেই মেয়েকে হারাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা বলেন, হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নাজিফার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি আট বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। এদিকে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিউল হাসান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কয়েকজন শেয়ারহোল্ডার ও কর্মচারী প্রশাসনিক নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
তাদের কর্মকাণ্ডে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, নাজিফার মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু তৈয়ব রাসেল বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আমরা দুঃখিত। দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিবেশ স্বাভাবিক করা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে আপাতত নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। পরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, কয়েকজনের অনিয়ম বা বিশৃঙ্খলার দায় পুরো প্রতিষ্ঠান কিংবা সাধারণ কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
তারা নাজিফার মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিআলো/আমিনা