প্রেমিকার পোশাক ও চুলের ধরন নিয়ে একসময় আপত্তি জানাতেন শাহরুখ খান। তার অতিরিক্ত অধিকারবোধে বিরক্ত হয়ে একসময় সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান।
বলিউডের তারকা শাহরুখ ও গৌরীর প্রেমের গল্প দীর্ঘদিনের হলেও সম্পর্কের শুরুর দিনগুলো মসৃণ ছিল না। প্রেমিকার সাজপোশাক নিয়ে শাহরুখের নিয়ন্ত্রণমূলক মনোভাব তাদের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করেছিল। এমনকি সম্পর্ক ভেঙে দেওয়ার কথাও ভেবেছিলেন গৌরী।
নিজের এই আচরণের কথা একসময় নিজেই স্বীকার করেছিলেন শাহরুখ। টেলিভিশন অনুষ্ঠান রঁদেভু উইথ সিমি গারেওয়ালে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমি খুব অধিকারবোধে ভুগতাম। গৌরীকে স্পষ্টভাবে বলেছিলাম, তুমি যদি আমার প্রেমিকা হও, তাহলে চুল খোলা রাখতে পারবে না কিংবা সাদা শার্ট পরতে পারবে না।
শাহরুখের এমন আচরণে স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছিলেন গৌরী। প্রেমিকের এই মনোভাব তার পছন্দ ছিল না। গৌরীর মতে, শাহরুখের চিন্তাভাবনা ঠিক ছিল না। একপর্যায়ে তিনি জানিয়ে দেন, এ ধরনের আচরণ আর মেনে নেওয়া সম্ভব নয়।
সেসময়ের অভিজ্ঞতা তুলে ধরে গৌরী বলেছিলেন, ওর আচরণ ছিল জঘন্য ও অসুস্থ মানসিকতার পরিচয়। তাকে এটা শিখতে হয়েছিল। কারণ আমি বলেছিলাম, ঠিক আছে, বিদায়। তোমার সঙ্গে আর কখনো দেখা করব না।
গৌরীর এই কঠোর অবস্থান শাহরুখকে নিজের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে। তাদের সম্পর্কের সেই কঠিন সময় শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়নি। বরং নানা চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে পথ চলেছেন তারা।
শাহরুখ ও গৌরীর প্রথম পরিচয় হয় ১৯৮৪ সালে, দিল্লির এক বন্ধুর আয়োজিত পার্টিতে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ বছর এবং গৌরীর ১৪। প্রথমদিকে গৌরীর সামনে বেশ লাজুক থাকতেন শাহরুখ। পরে ধীরে ধীরে তাদের পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সময়ে তাদের মধ্যে একাধিকবার মনোমালিন্য ও বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা যায়। তবে সব বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান সুহানা ও আব্রাম রয়েছে।
সূত্র: ইনডাল্জ্
