সংবাদ বিজ্ঞপ্তি · ২৬ অক্টোবর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি সর্বদা আন্তরিক বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর জিন্দাবাজার এলাকার গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, স্বাবলম্বী ও মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সব সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবহেলিত না ভেবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে তিনি বিদ্যালয়ে সরকারি সব সুযোগ-সুবিধা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সভাপতিত্বে সভায় দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ, বৈশাখী টিভির প্রতিনিধি এস. সুটন সিংহ, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, বাংলা টিভির এস আলম আলমগীর ও ঢাকার ডাকের এমদাদুর রহমান চৌধুরী জিয়া বক্তব্য রাখেন।
জিডিএফের কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা এমদাদ হোসেন চৌধুরীকে ব্রেইল পদ্ধতিতে লেখা মানপত্র দেন।
গুগলে আমাদের খবর পেতে
