জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজকের দিনটি ছিল ব্যাটসম্যানদের। চার ভেন্যুতে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তারা। সেঞ্চুরির আনন্দে মেতেছেন সিলেটের অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদ, বরিশালের ফজলে রাব্বি। কোথাও রানের পাহাড়, কোথাও প্রতিপক্ষের লিড নেওয়ার চেষ্টা। তবে এতসব ব্যাটিং-বীরত্বের দিনে সবচেয়ে কঠিন সময় পার করছে রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅনে পড়া দলটির সামনে এখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।
রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৫২১ রান তুলে ঢাকার বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। তার ২৮২ রানের দুর্দান্ত ইনিংসের পরও ঢাকার অপেক্ষা ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার। চতুর্থ রাউন্ডের নতৃতীয় দিন শেষে সেই অপেক্ষা প্রায় শেষ হওয়ার পথে।
৬ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে। ফলে ফলোঅনে পড়তে হয় স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও বিপদ কাটেনি। দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৫ রান নিয়ে। ইনিংস হার এড়াতে এখনো ১৪৪ রান প্রয়োজন।
রাজশাহীর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। প্রথম ইনিংসে ৫৪ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন তিনি। দিন শেষে ৬৪ রানে অপরাজিত এই ব্যাটসম্যান। তবে এক প্রান্ত আগলে রাখলেও রাজশাহীকে ইনিংস হার থেকে বাঁচাতে তার সামনে কঠিন চ্যালেঞ্জ।
অন্যদিকে চলতি মৌসুমে প্রথম জয়ের খুব কাছাকাছি ঢাকা। রাজশাহীতে জয় পেলে বোনাস পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে দলটির সামনে।
কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে ফলের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। বৃষ্টিতে প্রথম দিনের পুরো খেলা ভেসে যাওয়ার পর তৃতীয় দিনেও শেষ হয়নি সিলেটের প্রথম ইনিংস। তবে রান তোলায় কোনো কার্পণ্য করেননি ব্যাটসম্যানরা।
অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৭৫ রান তুলে দিন শেষ করেছে সিলেট। এর আগে সিলেট অধিনায়ক জাকির হাসান খেলেছিলেন ১৬০ রানের ইনিংস। ফলে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ম্যাচে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেওয়া অমিত দিন শেষে অপরাজিত ১৭১ রানে। ২৯৬ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ২টি ছক্কা। অন্য প্রান্তে রিহাদও পেয়েছেন তিন অঙ্কের দেখা। মাত্র ৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ২০০ বলের ইনিংসে ১৩টি চার মেরে ১০১ রানে অপরাজিত আছেন তিনি।
প্রথম দিন বৃষ্টিতে নষ্ট হওয়া সময় পুষিয়ে নেওয়ার সুযোগ অবশ্য নেই। তাই শেষ দিনে অতি নাটকীয় কিছু না ঘটলে ড্রয়ের পথেই এগোচ্ছে ম্যাচটি।
বগুড়ায় ময়মনসিংহের বিপক্ষে চট্টগ্রামও ব্যাট হাতে ভালো দিন কাটিয়েছে। আগের দিন মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল ময়মনসিংহ। জবাবে চট্টগ্রামও চারশ পেরিয়ে গেছে।
তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৬ উইকেটে ৪২৪ রান। পাঁচ ব্যাটসম্যান ফিফটি পেলেও সেঞ্চুরির দেখা পাননি কেউ। সবচেয়ে কাছে গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি শাহাদাত হোসেনের। বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান করেছেন ৯৫ রান।
টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান করেছেন ৭৬ রান। এ ছাড়া তাসামুল হক ৬৩, সাব্বির শিকদার ৫৪ এবং ইরফান শুক্কুর ৫৩ রান করেছেন। পাঁচ ব্যাটসম্যানের ফিফটিতে চট্টগ্রাম বড় সংগ্রহ পেলেও ময়মনসিংহের প্রথম ইনিংসের রান এখনো পেরোতে পারেনি।
প্রথম তিন ম্যাচেই হারের স্বাদ পাওয়া বরিশাল অবশেষে নিজেদের ব্যাটিং সামর্থ্যের জানান দিয়েছে। সিলেট একাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। তাতে প্রথম ইনিংসে ৪১ রানের লিডও পেয়েছে বরিশাল।
দিনের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সটি এসেছে ফজলে রাব্বির ব্যাট থেকে। আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান আজ তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১১তম সেঞ্চুরি। ২০০ বলে ১২৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসটির পথে ৪০ রানের মাথায় প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন রাব্বি।
১৩০ ম্যাচের অভিজ্ঞতায় রাব্বির এই সেঞ্চুরি বরিশালের জন্য ছিল দারুণ স্বস্তির। টানা তিন হারের পর অবশেষে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পেরেছে দলটি। জবাবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫ রান তুলে দিন শেষ করেছে রংপুর!
