ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। গতকাল ছিল মনোনয়নপত্র জমার নির্ধারিত দিন। এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এলিজা জামানকে শূন্য
হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এলিজা জামান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী হওয়ার আগ্রহ দেখালেও বিএনপি তখন তাকে মনোনয়ন দেয়নি।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল বুধবার আপিল করার সুযোগ থাকবে। কেউ আপিল করলে তার নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে ১২ নভেম্বর ভোটের দিন রাখা হয়েছে তফসিলে।
তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী এ আসনটি বিএনপিই পাবে। ফলে এ আসনে অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকলে নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামানই নির্বাচিত হবেন।
সেক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির আনুষ্ঠানিকতা সেরেই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
