অক্টোবর ২৬, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের স্বর্ণবারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণবারের বাজারমূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা আফিল জুট মিলের সামনে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন জালাল উদ্দিন শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন শেখ জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারটি নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
