Published on
:
1 min read
এই সময়, ঢাকা: সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে না দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। পুলিশি বাধায় তা পণ্ড হয়ে গিয়েছে। আটক করা হয়েছে ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি দীপক শীলকে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন আয়োজকেরা। তাঁরা বলেছেন, 'সুনামগঞ্জ-সহ দেশের একাধিক জায়গায় বাউলগান-সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন তৌহিদি জনতার নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে' মানববন্ধন করতে তারা সমবেত হয়েছিলেন, কিন্তু পুলিশের মারমুখী পদক্ষেপে তারা বিস্মিত ও ক্ষুব্ধ।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশি বাধা কিংবা উগ্রবাদী অসহিষ্ণুতা দিয়ে সংস্কৃতির কণ্ঠরোধ করা যাবে না। বাঙালির গান, ঐতিহ্য ও মুক্তচিন্তার পক্ষে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাঙালি সংস্কৃতি রক্ষার সংগ্রামে তাঁরা আপসহীন।
সংস্কৃতিকর্মীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদী কর্মসূচি ঠেকাতে পুলিশের শতাধিক সদস্যকে দুপুরেই ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থান নিতে দেখা যায়। বিকেল চারটে নাগাদ 'প্রতিবাদী শিল্পী জনতা'র ব্যানারে কয়েক জন সাংস্কৃতিক কর্মী জড়ো হয়ে স্লোগান দিলে পুলিশের তরফে মানববন্ধনে বাধা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া এক অভিনেত্রী জানান, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ শুরু হওয়ার পরেই পুলিশ সদস্যরা 'জয় বাংলা' স্লোগান দিতে নিষেধ করেন। এর প্রতিবাদ করলে টেনেহিঁচড়ে কয়েক জনকে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়।'
এই সময়ে দীপক শীলকে পুলিশ আটক করে বলে জানান তিনি। পরে, পুলিশের বাধায় মানববন্ধন পণ্ড হয়ে যাওয়ার পরে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা মিছিল করে এলাকা ছেড়ে যান। রাতে, মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, দীপক শীল নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।