বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ ও ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা র্যালিতে যোগ দেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও সদস্যসচিব মশিউর রহমান রনি।
সাদেকুর রহমান সাদেক বলেন, দেশের উন্নয়নে যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখতে চায়। এ জন্য তিনি নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের পরিশ্রমের জন্যও ধন্যবাদ জানান তিনি।
খাইরুল ইসলাম সজিব বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল সব সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে কাজ করা হবে। সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক ভালোবাসা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
মশিউর রহমান রনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার শপথ নিতে হবে। নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় হলে প্রতিবাদ করতে হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।
তিনি আরও বলেন, এমন কোনো আচরণ করা যাবে না, যাতে দলের নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দায়িত্বশীল আচরণ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে যুবদলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, ফতুল্লার হাজী মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
The post প্রতিষ্ঠাবার্ষিকীতে নাঃগঞ্জ জেলা যুবদলের র্যালি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান appeared first on Daily Sangbad Chorcha.
