এশিয়ান গেমস থেকে ত্রিদেশীয় সিরিজ-বাংলাদেশের ব্যাটিং নিয়ে অস্বস্তি যেন কিছুতেই কাটছে না! এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে কোচের এই পরিবর্তন নিয়ে খুব একটা চিন্তিত নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং পরিচিত একজন কোচকে নতুন দায়িত্বে পাওয়ায় ড্রেসিংরুমে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি।
ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে আশরাফুলের বিদায় প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শান্ত। সাবেক এই ব্যাটারের সঙ্গে কাজের সময়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবার শুরু সিরিজের প্রথম টেস্ট। তার আগে শান্ত বলেন, ‘প্রত্যেক কোচের সাথে কাজ করতে উপভোগ করেছি। আশরাফুল ভাই এক বছরের মতো ছিল। যতটুকু কাজ করেছেন ভালো কাজ করেছেন। অভিজ্ঞ ছিলেন, অনেক কিছু শেয়ার করেছেন। ব্যাটিং কোচের রিপ্লেসমেন্টে যিনি এসেছেন তিনি কিছু দিন আগেও ড্রেসিংরুমে ছিলেন।’
নতুন ব্যাটিং কোচ সালাউদ্দিনের সঙ্গে দলের খেলোয়াড়দের পূর্বপরিচয় থাকায় পরিবর্তনটি বড় কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস শান্তর, ‘তাই এখানে খুব একটা প্রভাব পড়বে না। তার সাথেও সবাই অতীতে অনেক কাজ করেছি। মানিয়ে নিতে কোনো সমস্যা নেই। সালাউদ্দিন স্যার ভালো কাজ করছেন। আশরাফুল ভাইয়ের সাথেও যতটুকু কাজ করেছি উপভোগ করেছি। উনি উনার কাজ ভালোভাবে করেছেন।’
কোচ পরিবর্তনের আলোচনা ছাপিয়ে সংবাদ সম্মেলনে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি। লাল বলের ক্রিকেট নিয়ে আলোচনা বাড়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। তবে কিছু অর্জন এলেও তাতে আত্মতুষ্টির জায়গা নেই বলে মনে করেন তিনি। বরং আরও ভালো করার সামর্থ্য রয়েছে দলের।
এ প্রসঙ্গে অধিনায়কের বক্তব্য, ‘দেখুন, সবাই টেস্ট নিয়ে কথা বলছে, এটা অবশ্যই ভালো লাগছে। এই কালচার ২-৩ বছর আগেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি। এটা ধরে রাখতে হবে। অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি কিন্তু আমরা খেলোয়াড়রা খুশি না। আমাদের পা মাতিতেই আছে। কীভাবে আরও ভালো করতে পারি বেশি এক্সাইটেড না হয়ে। যা-ই অর্জন করেছি, তা যথেষ্ট না। আমাদের আরও উন্নতির সামর্থ্য আছে।’
সামনে গুরুত্বপূর্ণ সিরিজ থাকলেও এখনই ভবিষ্যতের হিসাব-নিকাশে যেতে চান না শান্ত। তার কাছে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা টেস্টসহ চলমান দুই ম্যাচের সিরিজ। বড় দলের মতো ধারাবাহিকতা ও অভিজ্ঞতা এখনো অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাই প্রতিপক্ষ কিংবা চাপ নিয়ে অতিরিক্ত ভাবনার বদলে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ রাখতে চান অধিনায়ক।
শান্ত বলছিলেন, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, ওরকম অভিজ্ঞ দল এখনও হইনি। এই টেস্ট সিরিজ খুব ইম্পরট্যান্ট। এটা কত ভালো খেলছি এখানেই মনোযোগ। আমাদের হাতে সময় কম, ফোকাস এখন এই সিরিজেই। চাপ, চ্যালেঞ্জ থাকবেই। উপভোগ করতে হবে। এগুলো ভালোভাবে করতে পারলে আমরা এই দুই টেস্ট ভালো খেলব বলে বিশ্বাস করি।’
