কর্নাটকে এসআইআর-পর্বের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে দক্ষিণ ভারতের কংগ্রেস-শাসিত ওই রাজ্যে চূড়ান্ত তালিকায় বাদ দেওয়ার জন্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ। অন্য দিকে, নতুন ৮ লক্ষ ৬৪ হাজার ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। অর্থাৎ আগের তালিকার তুলনায় সংশোধিত তালিকায় নাম সাকুল্যে বাদ পড়ল ৯৯ কোটি ৩২ লক্ষ।
কর্নাটকে আগের ভোটার তালিকায় ৫ কোটি ৫৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছিল ৪ কোটি ৪৬ লক্ষ ভোটারের নাম। মৃত, অনুপস্থিত, অবৈধ, স্থানান্তরিত, দু’জায়গায় নাম রয়েছে বা অন্যান্য কারণ রয়েছে এমন প্রায় ১ কোটি ৮ লক্ষ নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল খসড়া তালিকায়। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জন ভোটারের নাম। এ ছাড়া, গত অগস্টে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে তথ্যগত অসঙ্গতির কারণে নোটিস পাঠানো হয়েছিল ৪৩ লক্ষ ৮১ হাজার ভোটারকে। সেপ্টেম্বরের গোড়া থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলেছে শুনানিপর্ব।
সবচেয়ে বেশি নাম বাদের সুপারিশ এবং নোটিস পাঠানোর ঘটনা ঘটেছে রাজধানী বেঙ্গালুরুতে। ঘটনাচক্রে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী বেঙ্গালুরুরই দু’টি বিধানসভায় নিয়ম বহির্ভূত ভাবে বিপুল ভোটারের নাম তালিকায় ঢোকানোর অভিযোগ করেছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা মুখ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমেও তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি যাচাই করতে পারবেন। প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বে প্রকাশিত খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটারের বাদ পড়েছিল। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। অন্য দিকে, কর্নাটকে খসড়া ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে প্রায় ১৮ শতাংশ ভোটারকে।
