
নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তবে ম্যাচ শুরুর আগেই চোটের ধাক্কায় পড়েছে টাইগাররা।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মিরপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। এ সময় হাতে আঘাত পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চোট পাওয়ার পরপরই অনুশীলন ছেড়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিকের এই চোটে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ শিবির।
নেটে বল থ্রোয়ারের একটি বল মুশফিকের আঙুলে এসে লেগেছে বলে জানা গেছে। চোট পাওয়ার পর ফিজিও বায়েজেদুল ইসলামকে দেখিয়েছেন, পরে আর অনুশীলন না করে চলে যান ড্রেসিংরুমে। চোটের সবশেষ অবস্থা জানা যায়নি।
মুশফিকের এমন চোট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। টেস্ট দলে অপরিহার্য নাম অভিজ্ঞ এই ক্রিকেটার। একশর বেশি টেস্ট খেলা মুশফিক যদি মিরপুর টেস্টে খেলতে না পারেন সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে।
বাংলাদেশের টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
