লক্ষ্মীপুজোর রাতে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২টি খালি বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায়, অন্য একটি বাসের সামান্য ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। দমকলের ২টি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাস মালিকরা। তাঁদের অভিযোগ, বাসস্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা নেই, পর্যাপ্ত নিরাপত্তারক্ষীও নেই। ঘটনায় কেউ হতাহত হননি।