গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং অপর একজন নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
মারা যাওয়া দুই যুবক হলেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণ বাড়ৈ এবং একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ওই গ্রামের কয়েকজন যুবক স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করেন। এর কিছু সময় পর তারা অসুস্থ হয়ে পড়েন।
গুরুতর অবস্থায় তাদের প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার কৃষ্ণ বাড়ৈ ও মনোতোষ হালদারের মৃত্যু হয়।
নিহত কৃষ্ণ বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ কয়েকজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন।
সেখানে কয়েকজন মিলে মদ পান করেন। কয়েক ঘণ্টা পর কৃষ্ণ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।
সেখানে রবিবার (২৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি। অন্যদিকে মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, পূজার কাজে গিয়ে তার ভাই পানীয়জাতীয় কিছু পান করেছিলেন।
পরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিম চরণ বাগচী জানান, দুর্গাপূজার সময় চার-পাঁচজন তরুণ তরলজাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন।
তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আরও একজন চিকিৎসাধীন রয়েছেন এবং একজন নিখোঁজ বলে তিনি শুনেছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেননি এবং তারা ঘটনাটি সম্পর্কে অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা