নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাদিপুর মধ্যপাড়া এলাকার ইমরান নাজির ওরফে জুয়েলের টিনশেড ভবনের পূর্বমুখী একটি কক্ষে অভিযান চালান।
আটক ব্যক্তিরা হলেন—সাদিপুর মধ্যপাড়া এলাকার মৃত আকবর আলী মালিথার ছেলে মো. ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়া এলাকার মো. আসলাম মণ্ডলের ছেলে মো. সোহাগ মিয়া (৩০) এবং পালিদেহা খাঁপাড়া এলাকার মৃত লরা খানের ছেলে মো. সোহেল মাহমুদ (৩৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
