ক্ষুব্ধ ফ্লিক হারের যে ব্যাখ্যা সামনে আনলেন
এল ক্ল্যাসিকোতে হার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে ধাক্কা খেয়েছে বার্সেলোনা। লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের প্রথম হার। পয়েন্ট হারিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক আঙুল তুলেছেন কঠিন সূচি ও ক্লান্তিকর ভ্রমণের দিকে।
রোববার রাতে ন্যু ক্যাম্পে কাইলিয়ান এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন রাফিনহা। ম্যাচের পর হারের হতাশা সঙ্গী করে ফ্লিক কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন।
বার্সা কোচ অতিরিক্ত ভ্রমণক্লান্তি নিয়ে বলেছেন, ‘আপনারা কেবল ম্যাচগুলোই দেখেন? আমাদের এখানে-সেখানে খেলতে যেতে হয়। কখনও কখনও দুটি ম্যাচের মাঝে মাত্র দুদিনের বিরতি থাকে।’
লা লিগায় সেভিয়া সফরের সময় ফেরার পথে উড়োজাহাজে দীর্ঘ তিন ঘণ্টা বসে থাকতে হয়েছিল বার্সেলোনা দলকে। বাধ্য হয়ে তারা হোটেলে ফিরে শুধু রাত কাটিয়ে সোমবার সেখান থেকে সরাসরি প্যারিসের পথে রওনা হয়। সেটি টেনে ফ্লিক বলেছেন, ‘হারের পর এসব কথা বললে সবাই অজুহাত মনে করতে পারে। তাই কোন সাফাই গাইতে আসিনি। জয় পাওয়ার পরই এমন পরিস্থিতি নিয়ে আলোচনা করা ভালো।’
খেলোয়াড়দের মধ্যে সতেজতা ও শক্তির ঘাটতি দেখেছেন বার্সা কোচ। আন্তর্জাতিক বিরতির আগে আরও তিন ম্যাচ বাকি থাকায় ফুটবলারদের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা তার সবচেয়ে বড় লক্ষ্য বলেছেন। ক্লান্তি দূর করতে একটি নির্দিষ্ট পরিকল্পনাও ঠিক করেছেন। যার মাধ্যমে জাতীয় দলে থাকা ফুটবলাররা দুদিনের ছুটি পাবেন এবং বাকিরা নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন।
ফ্লিক মনে করিয়ে দিয়েছেন শুধু কোচিং স্টাফদের উপর নির্ভর করলে চলবে না, খেলোয়াড়দের নিজেদেরও সমানভাবে সচেতন হতে হবে। রিকভারি, পুনর্বাসন, সঠিক খাবার এবং পর্যাপ্ত ঘুমের উপর জোর দিয়ে জার্মান কোচ বলেছেন, ‘মাঠের বাইরেও সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং জয় তুলে আনতে পারে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
