প্রকাশিত: ২০:৪৮, ২৭ অক্টোবর ২০২৬ আপডেট: ২১:০১, ২৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। মঙ্গলবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক্স-এ এক পোস্টে এ দাবি করেছেন।
তার দাবি, হুথিরা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইয়াহইয়া সারি বলেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।”
এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর আগে সৌদি আরব জানিয়েছিল, তারা হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এছাড়া হুথিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার ‘রাস তানুরা’-তেও হামলার দাবি করেছে। এটি হরমুজ প্রণালির পশ্চিমে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত।
সারি জানিয়েছেন, তারা তেল শোধনাগারটিকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌদি কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
