গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে।
মঙ্গলবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। গঙ্গার ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীখাতে পলি তোলার কাজ-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।” দ্রুত সেই কাজ শুরু হবে। দেশের শীর্ষ আইআইটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়াও মালদহে গঙ্গার ব্যাপক ভাঙন চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এবছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর ভয়াবহ বন্যা দেখেছে। মুখ্যমন্ত্রী পুজোর আগে সেখানে গিয়ে একাধিক ‘উপহার’ দিয়েছিলেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জেলা প্রশাসনের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পর বঙ্গে ফিরছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সামগ্রিক প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ করার কথা। ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের স্থানীয় বিধায়কদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।
