কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং চট্টগ্রামের একাংশ। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিস্তীর্ণ এলাকায় জনজীবন ও দাপ্তরিক কার্যক্রমে সাময়িক অচলাবস্থা তৈরি হয়। তবে এই আকস্মিক বিদ্যুৎ বিঘ্নতার সুনির্দিষ্ট কোনো কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। জাতীয় গ্রিডের ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সরাসরি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, এই বড় ধরনের বিপর্যয়ের মধ্যেও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, গ্রিড মেরামতের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চলছে। খুব দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
