সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুরের দিকে নদীতে তলিয়ে নিখোঁজ হন তিনি।
নিহত শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নেমে জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
পরে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচা জাহিদ আহমেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা মরদেহ গ্রহণের জন্য এসেছি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণের জন্য থানায় এসেছেন।
