রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। মেলায় দেশে উৎপাদিত ফার্নিচার প্রদর্শন করছে ৪৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
২৭ অক্টোবর, মঙ্গলবার সকালে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজন করে।
এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য ও আধুনিক নকশা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি। মেলায় শুধু দেশে উৎপাদিত ফার্নিচার প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, “আমাদের ফার্নিচার শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। পণ্যের মান ও নকশায় আরও গুরুত্ব দিয়ে নতুন রপ্তানি বাজারে পৌঁছাতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।”
বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, “দেশীয় ফার্নিচার শিল্পকে আরও এগিয়ে নিতে হলে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাঁচামালের সহজলভ্যতা, অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণে শিল্প উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন।”
মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ আব্দুল আউয়াল বলেন, জাতীয় ফার্নিচার মেলা দেশীয় নির্মাতাদের জন্য তাঁদের সর্বশেষ নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার একটি দারুণ সুযোগ। তিনি জানান, একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোকে একত্র করার মাধ্যমে ক্রেতাদের নতুন ডিজাইন সম্পর্কে জানার, পণ্য তুলনা করার এবং নিজেদের চাহিদা অনুযায়ী ফার্নিচার বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
মেলা চলবে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) ঘুরে দেখতে পারবেন। মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)। মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।
বিআলো/শিলি