দিনের শুরুতে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে বিনা উইকেটে তুলে নেয় ১৪০ রান। তবে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। আর সেই ঘুরে দাঁড়ানোর নায়ক মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের ৬ উইকেটের তোপে ৩২৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
কেপটাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতে সেই সিদ্ধান্তের মাশুল দিতে হয়েছে সফরকারীদের। উদ্বোধনী জুটিতে ১৫৮ রান যোগ করেন এইডেন মার্করাম ও অভিষিক্ত মারকেস অ্যাকারম্যান। অ্যাকারম্যান ৯৫ রান করে ফেরেন। আর মার্করাম খেলেন ৭৮ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার রান যখন ২০৩, তখনও মনে হচ্ছিল বড় সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। তার গতিময় বোলিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।
স্টার্কের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাথান লায়নও। দিনের শুরুতে রান তোলার সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩২৯ রানে তাদের ইনিংস থামিয়ে দেয় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যাকারম্যান-মার্করাম ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন ডেভিড বেডিংহ্যাম ও মার্কো ইয়ানসেন। ৮০ বলে ৫০ রান করেন বেডিমহ্যাম। আর ৭১ বলে ৫২ রান আসে ইয়ানসেনের ব্যাট থেকে। এছাড়া রায়ান রিকেলটন করেন ৪২ রান। বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২ রান আসে ম্যাথিউ ব্রিজৎকে। রানের খাতায় খুলতে পারেননি পাঁচজন ব্যাটার।
১৬.৩ ওভারে ৭২ রানের খরচায় দুই মেডেনসহ সর্বোচ্চ ৬টি উইকেট নেন অজি পেসার মিচেল স্টার্ক। নাথান লায়ন নেন দুটি উইকেট। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।
এমএমএম/
