তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা তৈরিতে আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার। বরিশালে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বরিশাল, ২৭ অক্টোবর: মঙ্গলবার বিকেলে বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দল-মত নির্বিশেষে একটি সুন্দর ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রেখে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফাইনাল ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় খেলাধুলার প্রতি তাঁদের ভালোবাসার প্রমাণ এবং এটি ক্রীড়াবান্ধব সমাজ গঠনের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এ আয়োজন তারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আগামী দিনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি